ডিজিটাল প্ল্যাটফর্মে আয়ুব বাচ্চুর পাঁচ হাজার ডলার আয়
মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় পাঁচ হাজার ডলার এবং টেলিফোন কোম্পানির মাধ্যমে পাঁচ লাখ টাকা আয় করেছেন ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তারের হাতেই এই চেক হস্তান্তর করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এসময় এই আয়কে কপিরাইট নিশ্চিতকরণ ও মেধাস্বত্ব সংরক্ষণে সরকারের উদ্যোগের সুফল হিসেবে দেখছেন তিনি।
শিগগিরি নতুন কপিরাইট আইন মন্ত্রিসভায় অনুমোদন হবে জানিয়েছে প্রতিমন্ত্রী বলেছেন, নতুন আইনে কপিরাইটের আওতা, প্রণেতার আর্থিক অর্জন সুসংহতকরণ ও এ বিষয়ে বিশ্বাসযোগ্যতা অর্জনের ক্ষেত্রে বাস্তবসম্মত উদ্যোগের নিশ্চয়তা বিধান করা হয়েছে।
কপিরাইট অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কপিরাইট বোর্ডের চেয়ারম্যান সাবিহা পারভীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ফরিদ আহমদ ভূঁইয়া, আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার ও এলআরবি ব্যান্ডের সদস্য আবদুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনাসহ সূচনা বক্তব্য দেন বাংলাদেশ কপিরাইট অফিসের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ রায়হানুল হারুন।